রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে আবারও গুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ডিএল নেটওয়ার্ক সার্ভিসের অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে মুখোশধারী দুর্বৃত্তরা। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাথায় ক্যাপ ও মুখে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, দুর্বৃত্তরা অফিসে প্রবেশ করে এক রাউন্ড গুলি চালিয়েছে। তবে প্রাথমিকভাবে হামলার উদ্দেশ্য বা কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়েও গুলির ঘটনা ঘটেছিল। সেদিন প্রতিষ্ঠানটির অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।
ফলে প্রায় ১৩ দিনের ব্যবধানে হাতিরঝিল এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে দ্বিতীয়বারের মতো গুলির ঘটনা ঘটল।














মন্তব্যসমূহ