সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে বাংলাদেশ মিশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই। বিশেষ করে প্রবাসীদের ভিসাসংক্রান্ত জটিলতা, স্থানীয় আইন সম্পর্কে সচেতনতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধের বিষয়ে গুরুত্ব দিয়েছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার (২৭ নভেম্বর) দুবাই বাংলাদেশ কনস্যুলেটে জার্নালিস্ট ফোরাম ইউএইর নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা জানান, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অনেক বাংলাদেশি বর্তমানে ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাঁদের মতে, কিছু প্রবাসীর অনৈতিক কর্মকাণ্ডও এসব সমস্যা তৈরির পেছনে ভূমিকা রাখছে।
এ পরিস্থিতিতে আমিরাতের প্রচলিত আইন-কানুন সম্পর্কে প্রবাসীদের আরও সচেতন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান গণমাধ্যমকর্মীরা।
আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার প্রতিরোধের বিষয়টিও গুরুত্ব পায়। নেতারা বলেন, প্রবাসী কমিউনিটিতে শৃঙ্খলা বজায় রাখা এবং ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান প্রবাসীদের একাংশের নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়ে অনেকে প্রবাসে হিংসাত্মক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর ফলে শুধু সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, সামগ্রিকভাবে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে বিদেশিদের কাছে বাংলাদেশিদের সম্মানহানির পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই প্রবাসে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে নেতিবাচক তৎপরতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।
প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন কনসাল জেনারেল। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তিনি।
তিনি মনে করেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহযোগিতার পরিবেশ তৈরি করা সম্ভব।
সভায় জার্নালিস্ট ফোরাম ইউএইর নেতারা জানান, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে তাঁরা বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে চান। পাশাপাশি প্রবাসীদের সমস্যা তুলে ধরা এবং দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস উইং) জিয়াউল হক মীর এবং দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির উপস্থিত ছিলেন।
জার্নালিস্ট ফোরাম ইউএইর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহসভাপতি এনাম হোসেন, সহসভাপতি নওশের আলম, সাধারণ সম্পাদক আবু ছালেহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম।
এ ছাড়া অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন সিকদার, প্রচার সম্পাদক এস এম গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মনির হোসেনসহ সংগঠনের অন্য সদস্যরাও মতবিনিময় সভায় অংশ নেন।
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত এ সভায় প্রবাসীদের কল্যাণ, আমিরাতের আইন মেনে চলা এবং বাংলাদেশিদের মধ্যে সহযোগিতার পরিবেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রবাসে বাংলাদেশের সুনাম বজায় রাখতে বাংলাদেশ মিশন ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।














মন্তব্যসমূহ