বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিনের অবদান ও অর্জনের স্বীকৃতি হিসেবে মুশফিকুর রহিমকে বিশেষভাবে বিদায় জানাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর শেষ টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। একই সঙ্গে বিদায়ী এই মুহূর্তে সমালোচনার পরিবর্তে মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সাফল্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবেন মুশফিক। এটিই হবে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ।
বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম জানান, মুশফিকের বিদায়ী ম্যাচ ঘিরে বিসিবির বিশেষ পরিকল্পনা রয়েছে। আয়োজনের বিস্তারিত তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে।
বিসিবি সভাপতি বলেন, ‘মুশফিকের জন্য বিসিবি অবশ্যই বড় ধরনের আয়োজন করবে। যথাসময়ে আরও কিছু বিষয় থাকবে, সেগুলো আপনারা দেখতে ও জানতে পারবেন। সত্যি বলতে, তাঁর মতো একজন মানসম্পন্ন ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। সবাই মিলে এই টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে তুলি।’
মুশফিকের শেষ টেস্ট সামনে রেখে তাঁর ক্যারিয়ারের ইতিবাচক দিকগুলো নতুন করে সামনে আনার জন্য সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তামিম। তাঁর মতে, দীর্ঘ ক্রিকেটজীবনে নানা সমালোচনা ও হতাশার মুহূর্ত থাকলেও দেশের ক্রিকেটে মুশফিকের অবদানই এখন বেশি গুরুত্ব পাওয়া উচিত।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিসিবি সভাপতি হিসেবে এবং ব্যক্তিগত জায়গা থেকেও সব সাংবাদিকের প্রতি আমার অনুরোধ, প্রথম টেস্ট পর্যন্ত মুশফিকুরের ক্যারিয়ারের সুন্দর স্মৃতিগুলো আবার তুলে ধরুন। তাঁর পথচলায় হতাশা ও সমালোচনা ছিল, তা আমি নিশ্চিত। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি যে অসাধারণ অবদান রেখেছেন, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে চলুন, আমরা সবাই মিলে তাঁর ক্যারিয়ার উদযাপন করি।’
মুশফিকের ক্রিকেটীয় অর্জন ও স্মরণীয় মুহূর্তগুলো মানুষের সামনে তুলে ধরতে টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, মুশফিকের শেষ টেস্ট শুধু একটি বিদায়ী ম্যাচ নয়, বরং বাংলাদেশের ক্রিকেটে তাঁর দীর্ঘ পথচলা ও অবদান উদযাপনের বিশেষ উপলক্ষ হয়ে উঠবে।














মন্তব্যসমূহ