স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং স্পেনে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
দিনের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁদের প্রয়াত পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে দূতাবাসের মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পড়ে শোনানো হয়।
অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। এতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক প্রেক্ষাপট, সে সময়ের আন্দোলন এবং সশস্ত্র বাহিনী ও জনগণের সংহতির চিত্র তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন তাঁরা।
রাষ্ট্রদূত মাসুদুর রহমান তাঁর বক্তব্যে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে সশস্ত্র বাহিনী ও জনগণের সম্মিলিত ভূমিকার প্রশংসা করেন। তিনি দিবসটির সঙ্গে গণতন্ত্র, সমতা, ন্যায়বিচার, স্বাধীনতা ও স্বাধীন পররাষ্ট্রনীতির চেতনার সম্পর্ক তুলে ধরেন।
একই সঙ্গে এসব মূল্যবোধ ধারণ করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা সমুন্নত রাখতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর প্রয়াত পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।














মন্তব্যসমূহ