ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির একটি সুরক্ষিত বাসভবনে বসবাস করছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আগামী ১৬ ডিসেম্বর তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ভারতে তাঁর অবস্থান ও নিরাপত্তার বিষয়টি। তবে শেখ হাসিনার বর্তমান বাসস্থানের সুনির্দিষ্ট ঠিকানা প্রকাশ করা হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে তিনি সেখান থেকে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দিয়ে আসছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে ভারতে যান শেখ হাসিনা। ওই দিন উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন তিনি।
এরপর তাঁর অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হলেও বর্তমান বাসস্থানের নির্দিষ্ট ঠিকানা জানা যায়নি।
এনডিটিভি জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবরে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে ভারত সরকারের ব্যবস্থাপনায় দিল্লির একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন সরকারি বাংলোয় শেখ হাসিনার থাকার কথা উল্লেখ করা হয়েছিল।
ওই প্রতিবেদনগুলোতে তাঁর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা থাকার কথাও বলা হয়। তবে বর্তমানে তিনি একই বাসভবনে অবস্থান করছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
ভারতে অবস্থানকালে বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, রাজনৈতিক বিবৃতি এবং অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছেন শেখ হাসিনা।
চলতি বছরের জুনে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি ‘শক্তি’ হিসেবে বর্ণনা করেন তিনি।
পরে সেপ্টেম্বরে একই সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া আরেক সাক্ষাৎকারে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন শেখ হাসিনা।
আওয়ামী লীগকে পুনর্গঠনের ক্ষেত্রে ভবিষ্যতে কেন্দ্রীয় ভূমিকা রাখার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।
এর আগে আগস্টে নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত একটি সংবাদ সম্মেলনে অডিও সংযোগের মাধ্যমে অংশ নেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়।
এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, শেখ হাসিনা দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।
তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে সরকারি উড়োজাহাজে ভারতে যাওয়ায় এবারও দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিবহনব্যবস্থা সরকারকে করতে বলেছেন শেখ হাসিনা।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে বলে জানা যায়নি।
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সাধারণ প্রত্যাবর্তনের প্রশ্ন নয়। তাঁর বিরুদ্ধে আদালতের রায় থাকায় প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফিরতে হবে।
গত ২৪ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে।
রয়টার্সকে তিনি আরও জানিয়েছেন, শেখ হাসিনার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধ সরকার গ্রহণ করবে না।
এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনার কথা জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, সে বিষয়ে ভারত সরকারের নতুন কোনো সিদ্ধান্ত প্রকাশিত হয়নি।
ফলে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, বাংলাদেশ সরকারের আইনি অবস্থান এবং ভারতের সম্ভাব্য সিদ্ধান্ত ঘিরে অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্র : এনডিটিভি














মন্তব্যসমূহ