ভারতে বাস-ট্রেইলার সংঘর্ষে আগুন, নিহত ৭
ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসের সঙ্গে একটি ট্রেইলারের সংঘর্ষে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন যাত্রী।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজস্থানের দৌসার কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল। পথে দ্রুতগতির বাসটি একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর দুটি যানবাহনেই আগুন ধরে যায়।[BANGVIEWS-POST:957]সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর বাস ও ট্রেইলার আগুনে জ্বলছে। এ সময় যাত্রীদের সাহায্যের জন্য চিৎকার করতে শোনা যায়।কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসের ওপরের তলার কয়েকজন যাত্রী নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আরও দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল বিভাগ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যাত্রীদের উদ্ধার করেন।আহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদের চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। একই সঙ্গে বাসটির অতিরিক্ত গতিও দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধারকারী দল ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছেন। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।[BANGVIEWS-POST:954]স্থানীয়দের আরও দাবি, বাসটির মালামাল রাখার অংশে সিগারেটের প্যাকেট ছিল। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজও চলছে।সূত্র: এনডিটিভি