ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে আগের কিছু মন্তব্যের পেছনে অভিমান কাজ করেছিল বলে জানিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি বলেছেন, শাকিবের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো এবং বন্ধুত্বপূর্ণ। তাই তাঁকে নিয়ে নতুন করে কোনো বিতর্কে জড়াতে চান না এই অভিনেত্রী।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিষ্টি জান্নাত।
মিষ্টি জানান, শাকিব খানকে নিয়ে তাঁর আগের কিছু বক্তব্যে অভিনেতা অসন্তোষ প্রকাশ করেছিলেন। শাকিব তাঁকে নিজের সম্পর্কে অপ্রাসঙ্গিক মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।
মিষ্টি জান্নাত বলেন, ‘আমি চাই না তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হোক। কারণ আমাদের খুবই ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব। ওই সময় তার ওপর আমার একটু রাগ ছিল। সে কারণেই অনেক কিছু বলে ফেলেছি।’
শাকিব খানকে নিয়ে কথা বলে আলোচনায় থাকতে চান না বলেও জানান এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, দর্শকেরা হয়তো তাঁদের একসঙ্গে দেখতে পছন্দ করেন। কিন্তু তাই বলে বারবার তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজন নেই।
শাকিবের সঙ্গে নিজের পরিচয় ও যোগাযোগের প্রসঙ্গ তুলে ধরে মিষ্টি বলেন, তাঁর বাসায় দাওয়াত পাওয়া, পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয়, একসঙ্গে বিমানে ভ্রমণ এবং ছবি তোলার অভিজ্ঞতা রয়েছে। এসব ঘটনা তাঁদের ভালো সম্পর্কের উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।
এ প্রসঙ্গে মিষ্টি প্রশ্ন তোলেন, ‘আমি শাকিব খানকে কেন বিক্রি করব?’ তাঁদের মধ্যকার আন্তরিকতার বিষয়গুলো পুরোপুরি বানানো নয় বলেও দাবি করেন এই অভিনেত্রী।
তবে শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো স্পষ্ট রোমান্টিক সম্পর্কের ঘোষণা দেননি তিনি। বরং তাঁদের সম্পর্ক ভালো ও বন্ধুত্বপূর্ণ বলেই উল্লেখ করেছেন।
শাকিব খানের ব্যক্তিত্বের প্রশংসা করে মিষ্টি বলেন, মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করার বিষয়টি তিনি অভিনেতার কাছ থেকে শিখেছেন। কারও অনুপস্থিতিতে সমালোচনা না করা এবং সবার সঙ্গে সৌজন্য বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন তিনি।
দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখার জন্য শাকিব খানের প্রশংসা করেন মিষ্টি। তাঁর মতে, চলচ্চিত্রের মতো প্রতিযোগিতাপূর্ণ অঙ্গনে বছরের পর বছর নিজের অবস্থান ধরে রাখা সহজ নয়।
নিজের অভিনয়জীবনের কঠিন সময়ের কথাও জানান এই নায়িকা। একপর্যায়ে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু শাকিব খানের ক্যারিয়ারের প্রতিকূল সময় পেরিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার ঘটনা তাঁকে অনুপ্রাণিত করেছে বলে জানান।
মিষ্টির ভাষ্য, কোনো কারণে পিছিয়ে পড়লেও চেষ্টা চালিয়ে গেলে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। সেই বিশ্বাস থেকেই নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন তিনি।
এদিকে ব্যক্তিগত জীবন, বিয়ে ও সন্তান নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন মিষ্টি জান্নাত। এসব বিষয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলে জানান। নিজের শারীরিক গঠন নিয়েও রসিকতা করেন অভিনেত্রী।
এর আগে রাজধানীর একই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে র্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান মিষ্টি জান্নাত। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ২৫ নভেম্বর প্রকাশিত পরবর্তী প্রতিবেদনে তাঁর বাসায় ফেরার কথা জানানো হয়েছে।














মন্তব্যসমূহ