বগুড়ায় সিনেমার শুটিং করতে গিয়ে মারা গেছেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্ট্রোক করার পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শুটিং ইউনিটে শোকের ছায়া নেমে এসেছে।
অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
তিনি জানান, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন সোহেল খান। শুটিং চলাকালেই তাঁর মৃত্যুর ঘটনা ঘটে।
সিনেমাটির শুটিং ইউনিটের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন অভিনেতা। সেখানে নির্ধারিত সূচি অনুযায়ী তাঁর শুটিং চলছিল। বুধবার (২৫ নভেম্বর) তাঁর অংশের কাজ শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু শুটিং শেষ হওয়ার এক দিন আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলেন সোহেল খান। মেকআপও নিয়েছিলেন তিনি। এরপর একপর্যায়ে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের একজন সদস্য।
কক্ষে ঢুকে অভিনেতাকে বিছানায় পড়ে থাকতে দেখেন ওই সদস্য। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে শুটিং ইউনিটের অন্য সদস্যরা দ্রুত সেখানে ছুটে আসেন।
পরে সোহেল খানকে উদ্ধার করে বগুড়ার স্থানীয় টিএমএসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে হাসপাতালের বিস্তারিত চিকিৎসা প্রতিবেদন সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।
শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার পরও শেষ পর্যন্ত ক্যামেরার সামনে আর দাঁড়ানো হলো না অভিনেতা সোহেল খানের। ‘নসিব’ সিনেমার কাজ শেষ হওয়ার আগেই তাঁর আকস্মিক মৃত্যু হলো।














মন্তব্যসমূহ