জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’-এর বিশু চরিত্রে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া অভিনেতা সোহেল খান মারা গেছেন। বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সিনেমাটির পরিচালক মো. ইকবাল অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল খানের আকস্মিক মৃত্যুর পর ‘নসীব’ সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে।
অভিনেতার মরদেহ ঢাকার ধামরাইয়ে নেওয়া হচ্ছে। ধামরাইয়ের রাজাপুরে তাঁর গ্রামের বাড়ি। সেখানেই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে তাঁকে দাফন করার কথা রয়েছে।
শুটিং ইউনিটের সদস্যরা জানিয়েছেন, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার কাজে বগুড়ায় ছিলেন সোহেল খান। সহকর্মীদের সঙ্গে হাসি-আনন্দেই কাটছিল শুটিংয়ের দিনগুলো। বুধবার (২৫ নভেম্বর) তাঁর অংশের কাজ শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু নির্ধারিত শুটিং শেষ হওয়ার আগেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা।
মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নেওয়ার জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন অভিনেতা। এরপর তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের একজন সদস্য।
কক্ষে ঢুকে সোহেল খানকে বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। একাধিকবার ডাকলেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি অন্যদের জানান। পরে শুটিং ইউনিটের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর পর শুটিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিচালক মো. ইকবাল।
অভিনেতা সোহেল খানের পর্দায় যাত্রা শুরু হয়েছিল বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে। এরপর নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।
তাঁর অভিনয়জীবনের অন্যতম আলোচিত কাজ ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’। এই নাটকে বিশু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান সোহেল খান।
টেলিভিশন নাটকের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪) ও ‘কেমনে কী!’ (২০২১)।
এ ছাড়া ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) এবং ‘জংলি’ (২০২৫) সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন সোহেল খান। নাটক ও চলচ্চিত্রে তাঁর অভিনীত চরিত্রগুলো দর্শকদের কাছে তাঁকে স্মরণীয় করে রেখেছে।
কয়েক দিন আগেও যিনি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে।














মন্তব্যসমূহ