বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার থাকলেও সহিংসতা কিংবা ঘৃণায় উসকানি দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা বা প্রত্যাহারের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো নির্দিষ্ট অবস্থান নেই বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ ডেলিগেশনপ্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সহিংস কর্মকাণ্ডকে সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন।
এ সময় সহিংসতা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত। তাঁর মূল্যায়ন অনুযায়ী, সাম্প্রতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ আনুপাতিক ছিল।
তবে তিনি গুরুত্ব দেন, যেকোনো পরিস্থিতিতে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আইনের শাসন, মানবাধিকার এবং শান্তিপূর্ণ মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা দলটির কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। দলটিকে নিষিদ্ধ রাখার পক্ষে বা বিপক্ষে তিনি কোনো মন্তব্য করতে চান না।
রাষ্ট্রদূত বলেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ সহজ প্রক্রিয়া নয়। বাংলাদেশের এই পরিবর্তনের সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রয়োজন।
তিনি ২০২৪ সালে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার ও সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশের সংস্কার কার্যক্রমের প্রসঙ্গে মিলার বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত বিভিন্ন সংস্কার কমিশন গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাবের মধ্যে কোনগুলো বাস্তবায়নযোগ্য, তা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন।
তিনি জানান, ইইউ বাংলাদেশের সঙ্গে শুধু প্রচলিত উন্নয়ন সহযোগিতার সম্পর্ক নয়, দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে চায়।
এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে প্রথম সরাসরি আলোচনা আয়োজনের উদ্যোগ নিয়েছে ইইউ।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বর্তমানে তুলনামূলক কম শ্রমব্যয়ের সুবিধা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে। তবে ভবিষ্যতে শ্রমব্যয় বৃদ্ধি ও জনমিতিক পরিবর্তনের কারণে এই সুবিধা ধরে রাখা কঠিন হতে পারে।
এ ছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষ হলে ইউরোপীয় বাজারে বাংলাদেশের বর্তমান বাণিজ্যিক সুবিধা পরিবর্তিত হতে পারে।
নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না হলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে মোস্ট ফেভারড নেশন বা এমএফএন শুল্ক প্রযোজ্য হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন তিনি।
এ পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং শিল্প খাতে উৎপাদনশীলতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মাইকেল মিলার।
তাঁর মতে, তৈরি পোশাকশিল্পে বৃত্তাকার অর্থনীতির চর্চা বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং পরিচ্ছন্ন উৎপাদনব্যবস্থার দিকে অগ্রসর হওয়া গুরুত্বপূর্ণ।
এসব পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও অবকাঠামোগত প্রস্তুতি প্রয়োজন। তাই ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়ে এখন থেকেই আলোচনা শুরু করার ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন নিয়মিত পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক কতটা বিস্তৃত হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবাধিকার সুরক্ষায় কোনো উদ্বেগ তৈরি হলে তা ইউরোপীয় পার্লামেন্ট, সদস্যরাষ্ট্র এবং ইইউর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আলোচনায় উঠে আসে।
রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন মাইকেল মিলার। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের প্রতি ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত জানান, ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য ইইউ ৫০ কোটি ইউরোর বেশি মানবিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ২০২৬ সালের জন্য রয়েছে ৩ কোটি ১৫ লাখ ইউরো। এ ছাড়া কক্সবাজারে উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে আরও ৫ কোটি ইউরো দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যাসংক্রান্ত বিচারপ্রক্রিয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগগুলোতে ইইউ সহযোগিতা অব্যাহত রেখেছে। এর মধ্যে আদালতে রোহিঙ্গাদের সাক্ষ্য দেওয়ার প্রক্রিয়া সহজ করার উদ্যোগও রয়েছে।
বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশল ঘোষণার অপেক্ষায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।














মন্তব্যসমূহ