বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেছেন, ‘সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।’
রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
ডেপুটি স্পিকার বলেন, বিএনপি এমন জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে, যেখানে দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জনগণের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশের অতীত রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করেন কায়সার কামাল।
তাঁর অভিযোগ, দলটি কখনোই প্রকৃত গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।
ডেপুটি স্পিকার আরও অভিযোগ করেন, অতীতে মাত্র দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যাসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনা দেশের মানুষ ভুলে যায়নি বলে মন্তব্য করেন তিনি।
তাঁর মতে, অতীতের সহিংস রাজনীতির পুনরাবৃত্তি ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না।
আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কায়সার কামাল।
এ প্রসঙ্গে লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করেন তিনি।
পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ এবং তৈরি পোশাকশিল্পে হামলার অভিযোগও তুলে ধরেন ডেপুটি স্পিকার।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাত ক্ষতিগ্রস্ত হলে শুধু শিল্পমালিক নয়, শ্রমিকদের জীবন-জীবিকা এবং সামগ্রিক অর্থনীতিও সংকটের মুখে পড়বে।
তাই রাজনৈতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড থেকে দেশের শিল্প ও অর্থনীতিকে রক্ষা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বক্তব্য দেন ডেপুটি স্পিকার।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
কায়সার কামাল বলেন, বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্য অর্জনে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা ও ত্যাগ স্বীকার করতে হবে।
অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগে অনেক জনপ্রতিনিধির জবাবদিহি দুর্বল হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
তাঁর মতে, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান কায়সার কামাল।
তিনি বলেন, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন এবং সমান অধিকার নিশ্চিত হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, "কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন।"
ধর্ম, দল কিংবা সামাজিক অবস্থানের কারণে নাগরিকদের মধ্যে বিভাজন না রেখে সবার সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।
দেশকে শান্তিপূর্ণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।














মন্তব্যসমূহ