কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিহত সেনাসদস্য মো. তিতাস শেখের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বসতবাড়ি সংস্কার এবং নিহত সৈনিকের স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিকের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, নিহত সেনাসদস্যের পরিবারের আবাসন পরিস্থিতির উন্নয়নে তাঁদের বর্তমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
একই সঙ্গে সৈনিক তিতাসের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবারটির দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সশস্ত্র মানবপাচারকারীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত অবস্থায় নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ।
তাঁর মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার পাশাপাশি আবাসন ও কর্মসংস্থানসংক্রান্ত এসব উদ্যোগ গ্রহণ করেছে সেনাবাহিনী।














মন্তব্যসমূহ