ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাতের অভিযোগসহ বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে দেশের চারটি স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেচখালের বাঁধ ও সেতু নির্মাণে অনিয়মের পাশাপাশি সরকারি হাসপাতালে রোগীদের হয়রানি এবং খাবার সরবরাহে অনিয়মের অভিযোগও এসব অভিযানের আওতায় রয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানা যায়। কমিশনের প্রধান কার্যালয় ও তিনটি জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট দল অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে টোল আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।
অভিযোগ যাচাই করতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের প্রধান কার্যালয়ের একটি দল।
অন্যদিকে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের টিওয়ানএসএইটডি সেচখালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তে নামে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়।
অভিযোগ রয়েছে, প্রকল্পের নিয়ম অনুযায়ী বাইরে থেকে মাটি সংগ্রহ করে বাঁধ নির্মাণের কথা থাকলেও ঠিকাদার খালের পাশের ফসলি জমি কেটে সেই মাটি কাজে ব্যবহার করছেন। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকল্পের নির্ধারিত শর্ত লঙ্ঘন করে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগও রয়েছে।
বাগেরহাটের রামপাল উপজেলায় একটি সেতু নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগেও অভিযান চালানো হয়েছে। সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে যায় দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের একটি দল।
ওই প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের বিরুদ্ধে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ রয়েছে।
এদিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও অভিযান পরিচালনা করেছে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি এবং ভর্তি রোগীদের জন্য বরাদ্দ খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ যাচাই করা হয়।
দুদক জানিয়েছে, চারটি অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তর থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। এসব নথি ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযান পরিচালনাকারী দলগুলো কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।














মন্তব্যসমূহ