উচ্চশিক্ষাকে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে এগিয়ে নিতে হবে, যাতে শিক্ষার্থীরা শুধু উচ্চতর ডিগ্রি অর্জন না করে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে পারেন।
রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নের আহ্বান জানান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান আরও ভালো করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
রাষ্ট্রপতি বলেন, যে শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে পারে না এবং বেকারত্ব সৃষ্টি করে, সেখান থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
সাক্ষাৎকালে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতামূলক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউর সহযোগিতামূলক কার্যক্রম রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এনএসইউ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের প্রায় ৯৫ শতাংশ বর্তমানে দেশে ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, উদ্ভাবনী কর্মকাণ্ড এবং উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথাও রাষ্ট্রপতির সামনে তুলে ধরে।
সাক্ষাতে উপস্থিত ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, মিসেস রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
এ সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির আসন্ন ২৭তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।














মন্তব্যসমূহ