সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’। শনিবার (২১ নভেম্বর) জাহাজটি দেখতে দিগরাজ নৌ ঘাঁটিতে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। তাঁদের অনেকেই পরিবারের সদস্য ও সন্তানদের নিয়ে যুদ্ধজাহাজ পরিদর্শনে আসেন।
দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দিগরাজ নেভাল বার্থে জাহাজটি পরিদর্শনের সুযোগ পান সাধারণ মানুষ। দর্শনার্থীদের উপস্থিতিতে নৌবাহিনীর জেটি এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একে একে জাহাজে প্রবেশ করেন নারী, পুরুষ ও শিশুরা।
জাহাজে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা দর্শনার্থীদের এর সক্ষমতা, ব্যবহৃত প্রযুক্তি, পরিচালনাপদ্ধতি এবং নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।
পরিদর্শনে আসা ব্যক্তিরা জানান, সাধারণ সময়ে যুদ্ধজাহাজ কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায় না। তাই সন্তানদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানানো এবং তাদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তুলতেই তাঁরা এখানে এসেছেন। জাহাজ ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তাঁরা। দেশের সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর ভূমিকা সরাসরি জানার সুযোগকে গর্বের বিষয় বলেও উল্লেখ করেন দর্শনার্থীরা।
বানৌজা বিজয় জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ জানান, সাধারণ নাগরিকদের কাছে নৌবাহিনীর কার্যক্রম তুলে ধরা এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। এ জন্য নৌবাহিনীর জাহাজের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নৌবাহিনীর একাধিক জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌ অঞ্চলসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। নৌঘাঁটি, জাহাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্মৃতিস্তম্ভে দোয়া, গার্ড অব অনার, সম্মাননা প্রদান, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়।














মন্তব্যসমূহ