কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বয়সের ভিত্তিতে আসামিদের বিচার হবে পৃথক দুটি আদালতে।
শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু।
তিনি জানান, আদালত ইতোমধ্যে মামলার চার্জশিট গ্রহণ করেছেন এবং চার আসামিই কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হবে। দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার পরিচালিত হবে কুমিল্লার সেশন কোর্টে।
আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। তিনি বলেন, এ বিষয়ে আসামিপক্ষের উদ্যোগ থাকলেও রাষ্ট্রপক্ষ নিজেদের মতো করে আইনি কার্যক্রম চালিয়ে যাবে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর কুমিল্লা জেলা আদালতে মামলার অভিযোগ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার আলাদা আদালতে সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।














মন্তব্যসমূহ