রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির খবর পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ধরনের কোনো সংঘর্ষের কথা অস্বীকার করেছে পিসিজেএসএস। ঘটনায় হতাহতেরও কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টার দিকে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালানোর সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় গোলাগুলি হয়।
তবে পিসিজেএসএসের দায়িত্বশীল একটি সূত্র গোলাগুলির খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, সাজেকের কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি এবং মাচালং এলাকায় সংগঠনটির কোনো দল অবস্থান করছে না।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, গত কয়েক দিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় বিরতি দিয়ে কয়েক দফায় গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই।














মন্তব্যসমূহ