রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরানোর উপযোগী পরিবেশ তৈরিতে আগামী ১২ থেকে ১৮ মাসে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার কথা জানান। মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইডের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় এবং এর গুরুত্ব তুলে ধরতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
হুমায়ুন কবির বলেন, ‘রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আইসিজের এ রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আদালত মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও জাতিগত পরিচয় রয়েছে। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করে আসছে।’
রোহিঙ্গাদের অধিকার দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সংকুচিত করার বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, বিধি-নিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার সংকুচিত করা হয়েছে। জেনোসাইড প্রতিরোধে মিয়ানমারের ব্যর্থতা এবং ২০২০ সালে আইসিজের দেওয়া অন্তর্বর্তী আদেশ অনুযায়ী প্রমাণ সংরক্ষণের বাধ্যবাধকতা পালনে দেশটির ব্যর্থতার বিষয়টিও রায়ে উঠে এসেছে।’
আইসিজের রায়ের আইনি গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আইসিজের এ রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মামলার পক্ষগুলোর জন্য রায় প্রতিপালন আইনগতভাবে বাধ্যতামূলক।’
জেনোসাইডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন হুমায়ুন কবির। তাঁর ভাষায়, ‘জেনোসাইডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ জন্য বহুপক্ষীয় অংশীদার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে হবে। ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ কাজ করবে।’
তিনি জানান, বাংলাদেশ সরাসরি মামলার পক্ষ না হলেও প্রতিবেশী দেশ হিসেবে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ এ মামলার আনুষ্ঠানিক পক্ষ নয়। তবে প্রতিবেশী দেশ হিসেবে প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া এবং দীর্ঘদিন ধরে মানবিক সংকটের ভার বহন করার কারণে মামলার বিচারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।’
প্রত্যাবাসনের ক্ষেত্রে আইসিজের রায়কে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আইসিজের এই ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে। তবে এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টায় এ সংকটের সমাধান সম্ভব নয়।’
এদিকে রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী অবস্থান প্রয়োজন। বাংলাদেশ এই সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে কাজ করে যাবে।’














মন্তব্যসমূহ