বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড.
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ও টিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের লেবার দলীয় এই এমপি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকার তৎকালীন কর্তৃপক্ষের অভিযোগ ছিল, খালা প্রধানমন্ত্রী থাকার সময় সাবেক ওই সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছিলেন টিউলিপ।
গত বছরের ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে তাঁর অনুপস্থিতিতেই আরও ১৬ জনের সঙ্গে দুই বছরের কারাদণ্ড দেয় বাংলাদেশের একটি আদালত। ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি জমির প্লট নিশ্চিত করতে খালার ওপর প্রভাব খাটানোর অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। লন্ডনে বসবাসকারী টিউলিপ শুরু থেকেই এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন এবং তাঁর এই সাজা খাটার সম্ভাবনাও নেই বললেই চলে।
এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেন। সে সময় তিনি দাবি করেছিলেন, তাঁর খালা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী নেতা মুহাম্মদ ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের ‘কোল্যাটেরাল ড্যামেজের’ শিকার হয়েছেন তিনি।
সম্প্রতি গুটো হারি ও ডেভিড ডেভিসের সঞ্চালনায় ব্রিটিশ পডকাস্ট ‘পলিটিকস আনলিশড’-এ অংশ নিয়ে টিউলিপ সিদ্দিক বলেন, তিনি একটি ‘বিদ্বেষমূলক বিচারপ্রক্রিয়ার’ (ম্যালিশাস প্রসিকিউশন) শিকার হয়েছেন। তিনি জানান, একজন প্রখ্যাত আইনজীবীর সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলছেন এবং ওই আইনজীবী তাঁকে পরামর্শ দিয়েছেন যে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ট উপাদান তাঁর রয়েছে।
টিউলিপ বলেন, ‘এটি মূলত ছিল একটি বিদ্বেষমূলক বিচারপ্রক্রিয়া।’ তিনি যোগ করেন, তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন আইনি বিকল্প পর্যালোচনা করছেন এবং মামলা করার বিষয়টি ‘বিবেচনায়’ রেখেছেন।
টিউলিপ সিদ্দিক অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে জানতে তিনি বারবার উদ্যোগ নিয়েছেন, কিন্তু বাংলাদেশ সরকার তাঁর আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি। তিনি জানান, লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালে তিনি ড. ইউনূসকে একটি হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন।
তিনি আরও জানান, অভিযোগ বা বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি ভীত ছিলেন না, কারণ তিনি জানতেন যে তিনি নির্দোষ। তিনি বলেন, ‘অন্য যেকোনো কিছুর চেয়ে পুরো বিষয়টিতে আমি বেশি বিভ্রান্ত ও হতভম্ব হয়ে পড়েছিলাম। আমাকে কী জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি অ্যালার্ট দেখে আমি প্রথম জানতে পারি যে আমাকে দণ্ড দেওয়া হয়েছে।’
টিউলিপ সিদ্দিক আরও প্রকাশ করেন, এই বিতর্কের সময়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে তিনি সমর্থন পেয়েছিলেন। নিরাপত্তা হুমকি পাওয়ার পর স্টারমার যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন, তখন তিনি তাঁকে বার্তা পাঠিয়েছিলেন। তবে ব্রিটিশ রাজনীতি ও সংবাদমাধ্যমে যখন স্টারমারকে টিউলিপের বিষয়ে বারবার জবাবদিহির মুখে পড়তে হচ্ছিল, তখন তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। টিউলিপ বলেন, ‘কিয়ারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ ছিলাম আমি। শুরু থেকেই আমি তাঁকে সমর্থন দিয়েছি... আর এখন নিজেই তাঁর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলাম।’
স্টারমারের ঘনিষ্ঠ এই রাজনীতিক জানান, সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতি তাঁর জন্য ‘খুবই বেদনাদায়ক’ ছিল। তবে স্টারমারের উত্তরসূরি অ্যান্ডি বার্নহ্যামের প্রশংসা করে টিউলিপ বলেন, ‘দিনশেষে আমি যা চাই তা হলো একটি লেবার সরকার, আরেকটি লেবার সরকার। অ্যান্ডি যদি তা দিতে পারেন, তবে আমাকে নিজের দুঃখ একপাশে সরিয়ে রেখে এই বাস্তবতায় নজর দিতে হবে যে আমাদের একটি লেবার সরকার রয়েছে যা জনমত জরিপে ভালো করছে।’
সূত্র: দ্য গার্ডিয়ান














মন্তব্যসমূহ