আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ—এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, বরং নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) লালমনিরহাটে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।’
তিনি আরও বলেন, আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই সুদূরপ্রসারী লক্ষ্য অর্জনে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
শিক্ষার্থীদের প্রতি গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তরুণদের উদ্ভাবনী শক্তি যেন কেবল আর্থিক বা কারিগরি সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।














মন্তব্যসমূহ