টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে ১১ জানুয়ারি
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবারও পিছিয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নতুন করে আগামী বছরের ১১ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।মামলার অপর আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।আদালতে এদিন অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেনের পক্ষ থেকে শুনানি পেছানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। পরে নতুন তারিখ নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।[BANGVIEWS-POST:4954]এর আগে একই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য একাধিকবার তারিখ নির্ধারণ করা হলেও বিভিন্ন কারণে তা অনুষ্ঠিত হয়নি।মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও পারস্পরিক যোগসাজশের মাধ্যমে কোনো অর্থ পরিশোধ না করে গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল এবং পরে তা নিবন্ধনের অভিযোগ রয়েছে।এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন।[BANGVIEWS-POST:4953]এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়।এদিকে মামলার আরেক আসামি শাহ মো. খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে চলমান তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। পরে আপিল বিভাগেও সেই স্থগিতাদেশ বহাল থাকে।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দসংক্রান্ত দুর্নীতির মামলায় ঢাকার পৃথক একটি বিশেষ জজ আদালত কারাদণ্ড দিয়েছেন।