অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাঁদের উভয়ের বিরুদ্ধেই বর্তমানে বিভাগীয় মামলা চলমান রয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) দেব্রত সরকার।
গতকাল বুধবার (১৮ নভেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাঁদের বরখাস্তের আদেশ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রজ্ঞাপন দুটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে কর্মরত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন মো. তারেক সেকান্দারকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এ সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার ভিত্তিতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দুই পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্তের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।














মন্তব্যসমূহ