বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিভেদ ভুলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এ উদ্বেগ প্রকাশ করেন।
সংসদ সদস্যদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’
দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন স্পিকার। তিনি মনে করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’
সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতার বক্তব্যেরও প্রশংসা করেন স্পিকার।
তিনি বলেন, ‘সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছেন।’
চতুর্থ অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যদের আলোচনা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান হাফিজ উদ্দিন আহমদ। সংসদীয় কার্যক্রম পরিচালনায় সরকারি ও বিরোধী দলের সদস্যদের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
স্পিকার বলেন, ‘এ অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অধিবেশন পরিচালনায় সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ এবং সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্যদের অবদানের কথাও উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘মাননীয় ডেপুটি স্পিকার এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সমাপনী বক্তব্যের শেষ পর্যায়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তিসংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন স্পিকার।














মন্তব্যসমূহ