জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেলে জাতীয় সংসদের বৈঠকের শুরুতেই এ ঘটনা ঘটে।এদিন সংসদের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পবিত্র কোরআন তিলাওয়াতের পর অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে কথা বলার জন্য দাঁড়িয়ে যান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করতে চান।এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে নিবৃত্ত করে বলেন, “এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করব। প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।”স্পিকারের এই অনুরোধের জবাবে নাহিদ ইসলাম বলেন, “না, মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?”তখন স্পিকার কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, “এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধা ঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি। আপনার বলার হয়তো… স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নাই, যিনি জবাব দেবেন।”জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, এটা তো জানি মাননীয় স্পিকার। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।”এর প্রেক্ষিতে স্পিকার বলেন, “জবাব আশা করেন না, আচ্ছা বলেন…”তখন নাহিদ ইসলাম কিছুটা ক্ষোভের সুরে বলেন, “আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না।”জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আপনার মাইক তো অন আছে।” এরপর স্পিকারের সম্মতিতে নাহিদ ইসলাম তাঁর বক্তব্য শুরু করেন।