কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যক্ষ ইন্ধনে দেশজুড়ে গোপন নাশকতা চালানো হচ্ছে, যার সবচেয়ে বড় আঁচ লেগেছে গোপালগঞ্জে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে চাঞ্চল্যকর এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা চার মূলহোতাসহ (মাস্টারমাইন্ড) ২৩ জন শীর্ষ ও মধ্যম সারির প্রভাবশালী নেতাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ছয়টি সীমান্ত রুট ব্যবহার করে প্রভাবশালী কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের আড়ালে সীমান্ত পেরিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দেশে প্রবেশ করছে। আর এসব নাশকতামূলক কর্মকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ঢালছেন কিছু পোশাক কারখানা মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী। গোয়েন্দা তথ্যমতে, জনমনে আতঙ্ক তৈরিতে ব্যবহৃত ককটেলগুলো তৈরি হচ্ছে দুর্গম চরাঞ্চলে এবং রাজধানীর পাঁচটি বিশেষ স্পট থেকে বিস্ফোরক ও অর্থ সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) বলেন, এসব ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা কেউই পার পাবে না। ইতোমধ্যে বেশ কিছু দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে চলমান অভিযান আরও কঠোর হবে।
এদিকে, এই নাশকতার ধারাবাহিকতায় শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহর ও টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে দিনভর সশস্ত্র মহড়া ও তাণ্ডব চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা। তাণ্ডবে পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট এবং টুঙ্গিপাড়া উপজেলা গ্রামীণ ব্যাংক কার্যালয়। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক।
রোববার সকাল থেকে গোপালগঞ্জ সদরের গাবতলা মোড়, ঘোষেরচর দক্ষিণপাড়া ও নবীনবাগসহ বিভিন্ন এলাকা থেকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনু ও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল বের হয়। তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে প্রবেশ করে ব্যাংকপাড়ার তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয় খুলে দেন। পরে গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করেন। বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতি সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
অন্যদিকে, শনিবার রাত ও রোববার বিকেলে টুঙ্গিপাড়ার পাটগাতি বাজার, খালেক বাজার, কুশলী, বর্ণী, নিলফা বাজার এবং সীমান্তবর্তী পিরোজপুরের নাজিরপুরের মালিখালী ইউনিয়ন বিএনপি ও যুবদল কার্যালয়, স্থানীয় বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে হামলা-অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে এসআই মোসলেম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ হাজার জনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার জরুরি ভিত্তিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার এবং জেলাজুড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে দিনভর এত সহিংসতা চললেও ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান দাবি করেছেন, ১ হাজার ৩৫০ জন ফোর্স মোতায়েন থাকায় কোথাও কোনো ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটেনি। অন্যদিকে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানিয়েছেন, অগ্নিসংযোগের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।














মন্তব্যসমূহ