ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) দিনগত রাত ৩টার দিকে (সোমবার প্রথম প্রহরে) অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা স্টেশনের অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে অফিস রুমের কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভেতরে লোকজন সজাগ থাকায় তাঁরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
তিনি আরও জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ইতোমধ্যে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল বা পেট্রল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে এবং পাশাপাশি জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।














মন্তব্যসমূহ