ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
গত ১২ নভেম্বর (২০২৬) সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে পৃথক দুটি আদেশ জারি করা হয়। জারি করা আদেশ অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এই দুই সামরিক কর্মকর্তার চাকরির মেয়াদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সেনা আইনের (আর্মি অ্যাক্ট) ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপন বা আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ‘চাকরি হতে বরখাস্ত’। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোনো ধরনের কোর্ট মার্শাল ছাড়াই সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।
উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তাঁর আদেশে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন-১৬, আর্মি অ্যাক্ট (রুলস) ৯(এ), আর্মি রেগুলেশনস (রুলস) ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ এবং ২৬৯(এ) মোতাবেক সেনাসদর, এমএন্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হুসাইনকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’
অপরদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের আদেশে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন-১৬, আর্মি অ্যাক্ট (রুলস) ৯(এ), আর্মি রেগুলেশনস (রুলস) ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ এবং ২৬৯(এ) মোতাবেক সেনা কল্যাণ সংস্থা, ঢাকা সেনানিবাসে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’














মন্তব্যসমূহ