কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে (সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ প্রথম প্রহরে) প্রতিনিধিদলটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন—জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ। এ ছাড়া প্রতিনিধিদলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এবিএম রওশন কবীর।
আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে আগামী ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য পার্লামেন্টে এই সফর কর্মসূচি অনুষ্ঠিত হবে। সফরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সংসদীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি (পার্লামেন্টারি ওভারসাইট) বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে।














মন্তব্যসমূহ