পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। একই দিনে গোপালগঞ্জ জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। সব মিলিয়ে জেলা ও থানা পর্যায়ের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তার বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। আর গোপালগঞ্জের পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে, গোপালগঞ্জ জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও একই দিনে বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার পদে রদবদলের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে জেলার পুলিশ সুপার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পর্যন্ত প্রশাসনিক পরিবর্তনের আওতায় এসেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।














মন্তব্যসমূহ