দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫২ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত বুলেটিনেও আগের ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ফলে সর্বশেষ দুই দিনের হিসাবে ডেঙ্গুতে মোট ১৬ জন প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজার ৫০৯ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
মাসভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে অক্টোবরে। ওই মাসে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু হয়। এরপর সেপ্টেম্বরে ১৪৮ জন এবং আগস্টে ৪৩ জন মারা যান।
এ ছাড়া জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নভেম্বরের প্রথম ১৪ দিনের হিসাবে মৃত্যুর সংখ্যা ৮০ জন বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির ক্ষেত্রেও সবচেয়ে বেশি চাপ পড়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৮৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ২৫৯ জন, বরিশালে ২০৯ জন এবং খুলনায় ১৯৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজশাহীতে ১৪০ জন, ময়মনসিংহে ৯১ জন, রংপুরে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দেওয়া হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০-এর কাছাকাছি পৌঁছানোর পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ দুই দিনেও সমানসংখ্যক মৃত্যুর তথ্য পাওয়া গেছে।














মন্তব্যসমূহ