বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তাদের দাফন হয়েছে দিল্লিতে। তার দাবি, দলটি আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা ও নিহতদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ে গণহত্যা ও লাশ পুড়িয়ে ফেলার মতো ঘটনার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। বরং তিনি আন্দোলনকারীদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা এখনও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং দেশের আর্থিক সক্ষমতা অর্জনের জন্য সরকারকে সময় দিতে হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আন্দোলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি নিজে বিদেশে নির্বাসিত ছিলেন। তবে তাদের অনুপস্থিতি আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনের নেপথ্যে তারা সহযোগিতা করেছেন এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সব মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা বা রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ নেই। অতীতে কোনো চেতনার ব্যবসা দেশের জন্য ভালো কিছু বয়ে আনেনি। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। এই চেতনার বাস্তবায়নের মাধ্যমেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
মন্তব্যসমূহ