ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ দক্ষিণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ অর্থসহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ক্ষতিগ্রস্ত আলী মিয়ার বাড়ি পরিদর্শন করে তাঁর পরিবারের হাতে ঘর পুনর্নির্মাণের জন্য এই অর্থসহায়তা তুলে দেওয়া হয়।
এদিন ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আতাউর রহমান সরকার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নেন ও সান্ত্বনা দেন এবং ঘর পুনর্নির্মাণের জন্য নগদ অর্থসহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে আতাউর রহমান সরকার বলেন, “মানুষের বিপদে পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে সব সময় মানুষের দুর্যোগ ও সংকটে পাশে থাকার চেষ্টা করে।” সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিত বিপদে একে অপরের পাশে দাঁড়ানো উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সহযোগিতার মাধ্যমে সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি ঈমানি দায়িত্বও পালন করা সম্ভব।
পরিদর্শনকালে উপস্থিত কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইয়াকুব আলী বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। খবর পেয়ে আতাউর রহমান সরকার ঢাকা থেকে ছুটে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং জামায়াতের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিত্তবানদেরও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান হোসেন সরকার, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. রুহুল আমিন, জামায়াত নেতা হাফেজ ফরহাদ হোসেন এবং ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আব্দুর রউফসহ স্থানীয় নেতাকর্মীরা।














মন্তব্যসমূহ