রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে এক দিনে ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, মোবাইল ফোন, বাইসাইকেল এবং বিস্ফোরকসদৃশ আলামত উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় মোট ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন অভিযানের এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১২৭ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁওয়ে ৭১ জন, লালবাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিলে ৩৯ জন, রমনায় ২৯ জন এবং গুলশানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন।
মাদকদ্রব্যের পাশাপাশি পাঁচটি মোবাইল ফোন, তিন পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল এবং মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষও জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।














মন্তব্যসমূহ