মাঠের সাফল্যের বাইরে মানবিক উদ্যোগের জন্য আবারও প্রশংসা কুড়িয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো ছোট্ট এক ভক্তের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করে আলোচনায় এসেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ভেনেজুয়েলায় একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেসও সেই দুর্যোগে মারাত্মকভাবে আহত হয়। ভূমিকম্পে একটি পা হারিয়ে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
কঠিন সময়ের মধ্যেও আন্দ্রেসের একটি ছোট্ট স্বপ্ন ছিল। বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য সে নিজের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকার চেয়েছিল। শিশুটির এই ইচ্ছার কথা রোনালদোর কাছে পৌঁছালে তিনি নিজেই সাড়া দেন।
পর্তুগালের জার্সি পরে আন্দ্রেসের উদ্দেশে ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান রোনালদো। বার্তায় তিনি আহত শিশুটিকে সাহস রাখতে বলেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভকামনা জানান।
রোনালদো বলেন, আন্দ্রেস তার বড় ভক্ত, এটা তিনি জানেন। তাকে শক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, একদিন আন্দ্রেস তার ম্যাচ দেখতে আসবে এবং তারা একসঙ্গে খেলা উপভোগ করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক গ্যাবি আরোচা জানান, কয়েকজন দাতার সহায়তায় বহু প্রতীক্ষিত বিশ্বকাপ স্টিকারটি ইতোমধ্যে পেয়েছে আন্দ্রেস। পাশাপাশি রোনালদোর স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছে সে।
এর আগে ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ত্রাণসামগ্রী পাঠিয়েছেন বলেও জানা গেছে।
একটি ছোট্ট শিশুর কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে রোনালদো আবারও দেখালেন, ফুটবল মাঠের বাইরেও মানবিকতার বড় উদাহরণ হয়ে উঠতে পারেন একজন তারকা।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
মন্তব্যসমূহ