ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন। শুক্রবার দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন পুরোপুরি ধসে পড়েছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩ হাজার ৩০০ জনের বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি ভেনেজুয়েলা সরকার প্রায় ৩০ হাজার কর্মী মোতায়েন করেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বড় ভূমিকম্পের পর এ পর্যন্ত মোট ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
তথ্য অনুযায়ী, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। আর ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে সান ফিলিপের ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ