ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সোমবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

তিন দিনের সরকারি সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবার্গ সোফি। সফরকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন।বাকিংহাম প্যালেসের ঘোষণা অনুযায়ী, প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী সোফি আগামী বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। তাঁর এই সফরের মূল উদ্দেশ্য যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং নারী ও কন্যাশিশুদের সুরক্ষা, কল্যাণ ও ক্ষমতায়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা।সফর উপলক্ষে ডাচেস সোফিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ৪ নভেম্বর জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা পাবেন।ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এসব বৈঠকে নারী ও কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা এবং ক্ষমতায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কেও ধারণা নেবেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য। এ জন্য তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হবে।সফরসূচিতে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনও। সেখানে নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন সোফি। নারী ও কন্যাশিশুদের জন্য নতুন সুযোগ তৈরিতে খেলাধুলার ভূমিকা নিয়ে আলোচনা হবে।এ ছাড়া বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেবেন ডাচেস অব এডিনবার্গ। তরুণদের সঙ্গে এই আয়োজনে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।ঢাকার কর্মসূচি শেষ করে কক্সবাজার সফরে যাবেন সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হবে।পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় গৃহীত উদ্যোগগুলো সম্পর্কেও জানার কথা রয়েছে তাঁর।যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে বাংলাদেশ সফরে আসছেন ডাচেস সোফি। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। এবারের সফরটি হবে তাঁর দ্বিতীয় বাংলাদেশ সফর।

সোমবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি