দেশের নারী-পুরুষ সবাইকে সমবায় কার্যক্রমে যুক্ত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, শুধু পণ্য বাজারজাতকরণের মধ্যে সমবায় কার্যক্রম সীমাবদ্ধ না রেখে বিভিন্ন খাতে সম্মিলিত উদ্যোগ গড়ে তুলতে হবে। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি বাংলাদেশকে দ্রুত একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে ৫৫তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সমবায় কার্যক্রমের ভিত্তি হলো ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টা। ব্যক্তিগতভাবে কাজ করার পাশাপাশি দলবদ্ধ উদ্যোগ গ্রহণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন।
তিনি জানান, সমবায় সমিতি কেবল উৎপাদিত পণ্য বিপণনের জন্য গড়ে তুললে চলবে না। বিভিন্ন ধরনের সমবায় প্রতিষ্ঠা করে দলগতভাবে কাজ শুরু করতে হবে। এ ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিমন্ত্রীর মতে, গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব।
এর আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন।
এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সমবায় সমিতির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
জাতীয় সমবায় দিবসের কর্মসূচি শেষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।














মন্তব্যসমূহ