লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে সরকারের চলমান আলোচনা কোনো বিশ্বাসঘাতকতা নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, লেবাননের ভূখণ্ডের এক ইঞ্চিও ইসরায়েলের কাছে ছেড়ে দেওয়া হবে না।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ইসরায়েলের সঙ্গে আলোচনাকে ঘিরে লেবাননের ভেতরে তৈরি হওয়া সমালোচনার জবাবে প্রেসিডেন্ট আউন এ অবস্থান জানান।
লেবাননের প্রেসিডেন্সি প্রকাশিত বিবৃতিতে আউন বলেন, লেবাননের এখন যুদ্ধ ও পরনির্ভরতার দীর্ঘ অধ্যায় থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। দেশের অধিকাংশ মানুষ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের বাসিন্দারা, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে চান।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সরকারের আলোচনাকে কেন্দ্র করে লেবাননে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, এই আলোচনার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সঙ্গে আপস করা হতে পারে।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট আউন বলেন, আলোচনার কাঠামোগত চুক্তির কোনো ধারাই লেবাননের অধিকার বা জাতীয় নীতির বিরুদ্ধে নয়। বরং এসব ধারা দেশের অধিকার পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করার লক্ষ্যেই রাখা হয়েছে।
তিনি বলেন, যারা রাষ্ট্রের সার্বভৌমত্বের নীতিকে সম্মান করেন, তাদের রাষ্ট্রের সিদ্ধান্তকেও সম্মান করা উচিত।
প্রেসিডেন্ট আউনের বক্তব্য অনুযায়ী, লেবানন আলোচনার পথে এগোলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের প্রশ্নে কোনো ছাড় দেবে না।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ