প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
এর আগে একই দিন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে মিষ্টির ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। গত ২৪ সেপ্টেম্বর রাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের পর ভারী যন্ত্র ব্যবহার করে স্থাপনার একটি অংশ গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
ওই ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার জানিয়েছিলেন, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় এই সংসদ সদস্যের ভূমিকা তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই বৃহস্পতিবার মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
মন্তব্যসমূহ