৪৫তম বিসিএস (কর) ক্যাডারের ২৭ জন সহকারী কর কমিশনারকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ঢাকার ২৫টি কর অঞ্চলে ২৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি দুজনের একজনকে দিনাজপুর কর অঞ্চলে এবং অন্যজনকে এনবিআরের উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ বিষয়ে অফিস আদেশ জারি করে এনবিআর। আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের এই পদায়ন কার্যকর থাকবে।
অফিস আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে ৪৫তম বিসিএস (কর) ক্যাডারের সহকারী কর কমিশনারদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২ নভেম্বরের স্মারকের মাধ্যমে এনবিআরে ন্যস্ত করা হয়। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বর তাদের কর্মস্থল নির্ধারণ করে আদেশ জারি করা হয়েছে।
পদায়নের তালিকায় কর অঞ্চল-১ থেকে ৬ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন যথাক্রমে তানজিলা তানজিমা, নেজামুল ইসলাম, মো. শিহাব উদ্দীন সরদার, রামিসা জাহান উম্মী, তরিকুল ইসলাম মনির ও মো. ইকবাল মিয়া।
কর অঞ্চল-৭ থেকে ১২-তে পদায়ন পেয়েছেন সাদিয়া আফরিন সুরভী, শওকত ওসমান, যুবায়ের আল মাহমুদ, মো. শরিফ মিয়া, নীলাদ্রি নিলয় দাশ ও মো. আশিকুর রহমান।
অন্যদিকে কর অঞ্চল-১৩ থেকে ১৮-তে দায়িত্ব পেয়েছেন মো. মিজানুর রহমান, শারমিন আক্তার শোভা, মিথুন মিস্ত্রী, মো. সাদেকুল ইসলাম, ভাস্কর রায় ও মো. কামরুল হাসান।
কর অঞ্চল-১৯ থেকে ২৫ পর্যন্ত পদায়ন করা হয়েছে আশরাফুজ্জামান, মো. হুমায়ুন কবির, আশিকুর রহমান তুষার, মো. জাহেদ হোসেন, প্রান্তিক রায়, মো. তানজিদ হোসেন ও মো. ফয়সাল হাসানকে।
এ ছাড়া অনন্যা বসাককে কর অঞ্চল-দিনাজপুরে এবং ইমতিয়াজ আলমকে এনবিআরের উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে পদায়ন করা হয়েছে।
মন্তব্যসমূহ