ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হয়েছিল হাজতি মো. ইসমাইলকে। তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ইসমাইলের বয়স ২৮ বছর। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাস্তার আলীর ছেলে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর হাজতি নম্বর ছিল ১৫৭/২৬। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কারারক্ষী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কারাগারে থাকা অবস্থায় ইসমাইল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক সকাল ১০টা ৪৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
মো. হাবিবুর রহমান আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। এরপর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্যসমূহ