দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় দেশের বিভিন্ন খাল দখল হয়ে গেছে এবং সরকারি সম্পত্তি বেহাত হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানিয়েছেন, খাল খননের কার্যক্রম এগিয়ে নিতে প্রথমে এসব খাল ও সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খাল দখলমুক্ত করার পর দ্বিতীয় ধাপে খননকাজের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচের সুবিধা নিশ্চিত করে কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা করা হবে।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা আন্দোলনের প্রসঙ্গ তুলে আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে তিনি ওই আন্দোলন শুরু করেছিলেন। নিজেও কোদাল হাতে খাল খননের কাজে অংশ নিয়েছিলেন।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের অপশাসন ও দুঃশাসনের কারণে খাল খনন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এসব সমস্যার সৃষ্টি হয়েছে।
মহেন্দ্রনগর খাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর প্রশাসক আফরোজা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক জিআর সারোয়ারসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও বিএনপির অন্যান্য নেতাকর্মী।
মন্তব্যসমূহ