পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়েছে। আফগান তালেবান যোদ্ধাদের একাধিক সেনা চৌকি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। শুক্রবার (৩০ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার এলাকা থেকে এসব হামলা চালানো হয়।
পাকিস্তানের সেনাবাহিনীর একটি সূত্রের দাবি, গত বুধবার আঙ্গুর আড্ডা এলাকায় আফগান সেনারা বিনা উসকানিতে গুলি চালায়। এর জবাবেই শুক্রবার আফগানদের সামরিক অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
পাকিস্তানি সেনা সূত্র জানিয়েছে, হামলার মুখে আফগান সেনারা নিজেদের অবস্থান ছেড়ে সরে যায়। এ ঘটনায় আফগান পক্ষের বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলেও দাবি করেছে সূত্রটি। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
এর আগে বুধবার আঙ্গুর আড্ডায় আফগান সেনাদের গুলিতে একজন নিহত হন। একই ঘটনায় একটি পরিবারের আরও কয়েকজন আহত হন। ওই দিনই এর জবাবে পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। শুক্রবার আবারও আফগান সামরিক স্থাপনায় হামলা চালানো হলো।
দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনারের ভাষ্য অনুযায়ী, বুধবার কোনো ধরনের উসকানি ছাড়াই আঙ্গুর আড্ডা বাজারে গুলি চালায় আফগান সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটে।
সীমান্তবর্তী এলাকাটিতে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল। ধারাবাহিক হামলা ও পাল্টা হামলার মধ্য দিয়ে পরিস্থিতি এখন রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে।
মন্তব্যসমূহ