দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ওষুধশিল্পের বিকাশে নিবন্ধিত ফার্মাসিস্টদের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) আয়োজিত ফার্মেসি উৎসব ‘ফার্মানেক্সট ৩.০’-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন দেশের ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনে ছিল সায়েন্টিফিক সেগমেন্ট, ফার্মা কুইজ, পোস্টার প্রেজেন্টেশন ও ফার্মাসিউটিক্যাল অলিম্পিয়াড। এ ছাড়া ন্যাশনাল ডিবেট ফেডারেশনের (এনডিএফ) সহযোগিতায় অনুষ্ঠিত হয় জাতীয় ফার্মা বিতর্ক প্রতিযোগিতা।
উৎসবের সূচনায় স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন ইভেন্ট কো-অর্ডিনেটর তারেক রহমান। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
‘ফার্মানেক্সট ৩.০’-এর চেয়ারপারসন ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিইও সৈয়দ আলমগীর এবং ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
মন্তব্যসমূহ