পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলাপকালে তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্ব দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতিকে তিনি স্বাগত জানিয়েছেন। এ প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ফোনালাপে মোদি বলেন, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ জলপথে কোনো ধরনের বাধা ছাড়াই নৌচলাচল সচল রাখা জরুরি।
ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও হরমুজ প্রণালীর গুরুত্ব অনেক। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের বড় একটি অংশ এবং গ্যাসের উল্লেখযোগ্য পরিমাণ এই জলপথ দিয়ে আমদানি করে থাকে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে এ প্রণালীতে অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক তেলবাজার ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহ, আঞ্চলিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতেই নয়াদিল্লি তেহরানের সঙ্গে যোগাযোগ জোরদার করছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ