অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণ-পূর্ব উপকণ্ঠের সুর বাহের এলাকায় অনুমোদনহীনভাবে বাড়ি নির্মাণের অভিযোগে দুই ফিলিস্তিনি ভাইকে নিজ হাতে নিজেদের বাড়ি ভেঙে ফেলতে বাধ্য করেছে ইসরাইলি পৌর কর্তৃপক্ষ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’-এর বরাতে শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, দুই ভাইয়ের মধ্যে ওমর ইব্রাহিম আমিরার বাড়িটি ২০০০ সাল থেকে সেখানে রয়েছে। প্রায় ২৬ বছর ধরে তিনি স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছেন। সম্প্রতি ইসরাইলি পৌর কর্তৃপক্ষ তাঁকে বাড়িটি নিজ উদ্যোগে ভেঙে ফেলার জন্য ২১ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। একই সঙ্গে তাঁকে ১ লাখ ইসরাইলি শেকেল (প্রায় ৩১ হাজার ২০৮ মার্কিন ডলার) জরিমানাও করা হয়েছে।
ওমরের ভাই শাদি আমিরার বাড়িটিও ২০০০ সাল থেকেই সেখানে অবস্থিত। তিনিও স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন বলে জানিয়েছে ওয়াফা। ইসরাইলি কর্তৃপক্ষের কঠোর নির্দেশ ও বিপুল অঙ্কের জরিমানা এড়াতে শেষ পর্যন্ত তাঁদের নিজেদের বাড়ি ভাঙার পথে হাঁটতে হচ্ছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে জেরুজালেম গভর্নরেট বলেছে, দুই ভাইকে নিজেদের বাড়ি ভেঙে ফেলতে বাধ্য করার এই ঘটনা পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি বাসিন্দাদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের ধারাবাহিক উচ্ছেদ ও বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নীতিরই অংশ। এ ধরনের পদক্ষেপের ফলে জেরুজালেমে আরও বেশি ফিলিস্তিনি পরিবার নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত হয়ে পড়ছে।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ