কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে হতাহত ও নিখোঁজের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কক্সবাজারের সব রিসোর্টের অগ্নিনিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত ও বেশ কয়েকজনের নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। তিনি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত বলেও উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
গোলাম পরওয়ার আরও বলেন, শনিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে আনা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি মনে করেন, পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক ও স্থানীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রিসোর্টগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ জরুরি। এ জন্য সরকারের পক্ষ থেকে সব রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদন্ত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো পর্যটক বা নাগরিককে এ ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে না হয়।
সূত্র: যুগান্তর।
মন্তব্যসমূহ