জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডে একটি যুব সেবা কেন্দ্রে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবারের এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি স্টাডে শহরের একটি যুব কল্যাণ কেন্দ্রে ঘটে। আটক দুজনের মধ্যে একজনকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। হামলার কারণ জানতে তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
স্টাডে শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত। হামলার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী মোতায়েন করা হয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার স্থানটি গর্ভবতী নারী ও শিশু সন্তানসহ তরুণ মায়েদের অস্থায়ী আবাসন সুবিধা দিয়ে থাকে। তবে নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ বলেছে, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো নিরাপত্তা হুমকি নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে। তদন্তের স্বার্থে হামলার উদ্দেশ্য ও ঘটনাক্রম সম্পর্কে আপাতত বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান














মন্তব্যসমূহ