বাংলাদেশ জাতীয় সংসদকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগের অংশ হিসেবে ১০ সদস্যের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (e-JSP)’ বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নিতে এ কমিটি কাজ করবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সার্বিক নির্দেশনায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়।
কমিটির অন্য নয় সদস্য হলেন সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিন্জ।
এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি) কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি কমিটির প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন।
নবগঠিত কমিটির অন্যতম প্রধান দায়িত্ব হবে ইউএনডিপির তৈরি ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট’ সংক্রান্ত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিস্তারিতভাবে পর্যালোচনা করা। প্রকল্পটি বাস্তবায়নের উপযোগিতা ও প্রয়োজনীয় বিষয়গুলো যাচাই করে সুপারিশ দেবে কমিটি।
পাশাপাশি জাতীয় সংসদে আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম চালুর লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।
প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে প্রয়োজন দেখা দিলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এ বিষয়ে কমিটিকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে।
ই-পার্লামেন্ট প্রকল্পের মাধ্যমে জাতীয় সংসদের প্রযুক্তিগত আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়নই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।
মন্তব্যসমূহ