পেপারবিহীন সংসদ গড়তে চালু হচ্ছে ই-পার্লামেন্ট সিস্টেম
পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে সংসদের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে আলোচনা হয়। এ সময় ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।[BANGVIEWS-POST:5233]প্রস্তাবিত এই ব্যবস্থায় বাংলা ও ইংরেজি উভয় ভাষার সুবিধা থাকবে। এর মাধ্যমে সংসদীয় নথি সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং তথ্য আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করা সম্ভব হবে।ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের জন্য ডেপুটি স্পিকারকে প্রধান করে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্পিকার। কমিটি সিস্টেমটির কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি, প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করবে।এ ছাড়া চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে ই-পার্লামেন্ট সিস্টেম নিয়ে একটি উপস্থাপনা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রস্তাবিত ব্যবস্থার কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা, বাস্তবায়ন পরিকল্পনা ও সম্ভাব্য সুবিধাগুলো তুলে ধরা হবে।[BANGVIEWS-POST:5232]সংশ্লিষ্টরা জানান, ই-পার্লামেন্ট চালু হলে সংসদের বিভিন্ন কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে। এতে কাগজের ব্যবহার কমবে, সময় ও প্রশাসনিক ব্যয় সাশ্রয় হবে এবং সংসদীয় কার্যক্রমে আরও গতি ও স্বচ্ছতা আসবে।প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বিভিন্ন দাতা দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী ধাপে তাদের সহযোগিতা নেওয়া হবে।সংসদকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।